সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান
- আপডেট সময়- ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান(এমপি) সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতালে রুপান্তরিত করার ঘোষণা দিয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ব্যক্তিগত অর্থায়নে স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ওষুধ প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় কোনো ধরনের ত্রুটি কিংবা গাফিলতি সহ্য করা হবে না। অতীতে হাসপাতালের নাজুক অবস্থার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পরতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে সাংসদ মান্নান বলেন, তার আপন ভাই এ হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন, যা তার জন্য বেদনাদায়ক স্মৃতি ছিলো। জরুরি ওষুধের অভাবে রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার বিষয়টি জেনে তিনি নিজেই নিজ অর্থায়নে জরুরি ওষুধ সরবরাহ করেছেন বলেও জানান।
এসময় এমপি মান্নান আরও বলেন, সোনারগাঁয়ের মানুষ যাতে ঢাকায় না গিয়ে, নিজ এলাকাতেই উন্নত চিকিৎসা পায়, সে লক্ষ্যেই হাসপাতালটিকে ২৪ ঘণ্টা কার্যকর সেবা কেন্দ্রে রূপান্তর করা হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না।
এমপি মান্নান বলেন, হাসপাতালের পুরোনো ভবন সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে। শিগগিরই দৃশ্যমান উন্নয়ন শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, আতাউর রহমান প্রধান, সেলিম হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হারুন অর রশিদ মিঠু, রুবেল হোসাইন, কাউসার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































