রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বর এলাকায় দিনদুপুরে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৭ জুন) বিকাল ৩টার পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে এ দূর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে লোকমান (৪৫) নামের ওই ব্যবসায়ী আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকমান একটি ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, আহত ব্যবসায়ী লোকমান শাহজাহানপুর এলাকার বাসিন্দা এবং মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, হামলায় লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুইটি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
এদিকে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাইয়ের ঘটনা। গোয়েন্দা সূত্র বলছে, ৩টি মোটরসাইকেলে করে অন্তত ৬ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে এবং ভিকটিমকে অনুসরণ করে হামলা চালায়।
গোয়েন্দাদের আশঙ্কা, ব্যাংক থেকে টাকা উত্তোলনের তথ্য আগে থেকেই ছিনতাইকারীদের কাছে ফাঁস হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর টিম কাজ করছে বলে জানা গেছে।
পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।





































































































