ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান
- আপডেট সময়- ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

অনলাইন ডিজিটাল ডেস্ক।।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ‘যায়যায়দিন’ সম্পাদক শফিক রেহমান অন্তর্বর্তীকালীন সভাপতি এবং ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ‘ওয়াদা’ সম্পাদক শফিকুল আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশগ্রহণ করেন। কার্যনির্বাহী কমিটি নির্বাচনের পাশাপাশি কিছু সংশোধনীসহ সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করেন উপস্থিত সম্পাদকরা।
সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই ও শহীদের আত্মত্যাগের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছে। তবে এ সময়ে সম্পাদকদের একটি অংশ চাটুকারিতার মাধ্যমে সরকারকে ফ্যাসিস্ট হতে কীভাবে সহায়তা করেছিল, সে বিষয়ে এখন আত্মসমালোচনার সময় এসেছে।’
এনইসিকে সারা দেশের সম্পাদকদের শক্ত ও বিস্তৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বিগত ১৭ বছরের সাংবাদিকতাকে ‘ঘৃণার অযোগ্য’ উল্লেখ করে বলেন, প্রশংসা নয়, গণমাধ্যমের কাজ হলো প্রশ্ন করা। উপমহাদেশের গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ কাজী নজরুল ইসলামের নামে প্রতিবছর ‘নজরুল পদক’ চালুর প্রস্তাব দেন তিনি, যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সাধারণ সভায় অংশ নিয়ে আরও মতামত দেন নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ, দি গ্লোবাল পোস্টের ড. মাহবুবুর রহমান, নওরোজ সম্পাদক শামসুল হক দুররানি, কর্ণফুলী সম্পাদক (চট্টগ্রাম) আফসার উদ্দিন চৌধুরী, দৈনিক লোকসমাজ (যশোর) সম্পাদক শান্তুনু ইসলাম, নতুন প্রভাতের (রাজশাহী) সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক নিউটাইমসের সম্পাদক (ময়মনসিংহ) সাইফুল ইসলাম, দৈনিক জালালাবাদ সম্পাদক (সিলেট) মুকতাবিস উন নুর, যুগের চিন্তার (নারায়ণগঞ্জ) সম্পাদক মোরছালীন বাবলা, দৈনিক প্রবাহ (খুলনা) সম্পাদক মো. আশরাফ এবং বাংলাদেশ বাণীর (বরিশাল) সম্পাদক আযাদ আলাউদ্দীন।
সূত্র: বাসস




































































































