সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, গণমাধ্যম, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ভারত
টেকনাফ থেকে ভারতে পাচারের সময় দুই রোহিঙ্গা কিশোরী উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে টেকনাফের ক্যাম্প-২২ উনচিপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া দুই কিশোরী হল-ক্যাম্প-২২-এর সি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুরের মেয়ে ইয়াছমিন আকতার (১৭) এবং একই ব্লকের ফরিদ আলমের মেয়ে ফরমিন আরা (১৬)।
এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইয়াছমিন আকতারের বাবা মোহাম্মদ নুর উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে এসে অভিযোগ করেন, তার মেয়েসহ একই ব্লকের ফরমিন আরাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ পাওয়ার পর উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে জানা যায়, ক্যাম্প-২২-এর এ/১ ব্লকের জাফর আলমের মেয়ে তসমিন আরা (১৮)-এর সঙ্গে ওই দুই কিশোরী ভারতে যাওয়ার উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল।
পরে তসমিন আরার পরিবারের মাধ্যমে তাদের ক্যাম্পে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে তসমিন আরাসহ দুই কিশোরী উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে ফিরে আসে।
জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া দুই কিশোরী জানায়, তারা স্বেচ্ছায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তসমিন আরাকে সঙ্গে নিয়ে ক্যাম্প-২২ উনচিপ্রাং থেকে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল।
এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি আরও অনুসন্ধান করে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এপিবিএন।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































