সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, গণমাধ্যম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, ডিবি পুলিশ, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
গাইবান্ধায় চাঁদা না পেয়ে কারখানায় হামলা, বিএনপির তিন নেতা গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৮:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুই লাখ টাকা চাঁদা দাবি ও কারখানায় হামলার অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে তেলিয়ান গ্রামের মোল্লা এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কারখানা মালিকের দায়ের করা মামলায় বুধবার (৪ মার্চ) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন মাছের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ যান ওই তিন নেতা। এ সময় তারা কারখানার ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং কাগজপত্র দেখতে চান। ম্যানেজার অস্বীকৃতি জানালে তারা কারখানার কার্যক্রম বন্ধ করে দেন এবং কর্মচারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী কারখানা মালিক শরিফুল ইসলাম মোল্লা জানান, “ওই তিনজন কারখানায় এসে ম্যানেজারকে জোরপূর্বক ধরে ফোন দিতে চাপ দেন এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে এবং কাগজপত্র না দেখালে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। একপর্যায়ে হাত ধরে ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালান।”
পরে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। ওই রাতেই শরিফুল ইসলাম বাদী হয়ে সাঘাটা থানায় মামলা দায়ের করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, “মামলার পরপরই অভিযান চালিয়ে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করছে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































