মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি
- আপডেট সময়- ০৪:১৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করে আবার নারায়ণগঞ্জে ফিরে যাওয়ার কৌশল নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। সাম্প্রতিক এক ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ জুন) মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন ও জুয়েল ওরফে আরিফ।
পুলিশ জানায়, গত ৩১ মে ভোরে ঠাকুরগাঁও থেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে মোহাম্মদপুরের নূরজাহান রোডে নিজেদের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন দুই বোন। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ট্রলি, হ্যান্ডব্যাগসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করে পুলিশ এবং এর সঙ্গে জড়িত সন্দেহে আনোয়ার ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, চক্রের সদস্যরা আগে মোহাম্মদপুর এলাকায় বসবাস করায় এখানকার রাস্তাঘাট সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তারা প্রায় ছয় মাস ধরে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। সেখান থেকে পিকআপ নিয়ে এসে মোহাম্মদপুরে ছিনতাই করে আবার ফিরে যেতেন।
গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত পিকআপ ও চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাই হওয়া ট্রলি ও মুঠোফোন উদ্ধারে অভিযান চলছে। এই চক্রের সঙ্গে জড়িত পিকআপের চালক ও মালিককে নজরদারিতে রাখা হয়েছে এবং অন্য সদস্যদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মাদক, একটি ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত দুটি মামলা।
পুলিশের এক কর্মকর্তা জানান, একই কৌশলে এই চক্র অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তারা গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে পিকআপ নিয়ে এসে মোহাম্মদপুরে ছিনতাই করে পুনরায় ফিরে যেত।




































































































