নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
- আপডেট সময়- ০৫:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

সমাজ পরিবর্তনে শিক্ষকরা আলোকবর্তিকা হিসেবে কাজ করে..!
বিশেষ প্রতিবেদক।।
শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন। পদাধিকার বলে তিনি সদর উপজেলা স্কাউটসের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা আয়োজিত দিনব্যাপী ১৪৫৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

ইউএনও এসএম ফয়েজ উদ্দিন বলেন, “সমাজ পরিবর্তনে শিক্ষকরা আলোকবর্তিকা হিসেবে কাজ করবেন। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা, মানবিকতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা সম্ভব। দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও স্কাউটিং ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ইউএনও আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। তিনি ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের পরবর্তী সময়ে বেসিক কোর্সেও অংশ নেওয়ার আহ্বান জানান।
কোর্স লিডার ও ঢাকা আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টু।

দিনব্যাপী কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের এএলটি নাজমা চৌধুরী, উডব্যাজার ফজলুল হক ভূঁইয়া মন্টু, উডব্যাজার গোলাম মোস্তফা শাহীন এবং উডব্যাজার জাকির হোসেন সিকদার।
কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, নেতৃত্বের দক্ষতা, দলগত কাজ, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করবেন এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে উপজেলা স্কাউটসের সম্পাদক সুরাইয়া আক্তার, উপজেলা স্কাউট লিডার মো. ওয়ালিউল্লাহ্সহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































