ঢাকা জেলা প্রশাসনের সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন এবং প্রয়োজনীয় তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন। পাশাপাশি জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া যাবে।
প্রাথমিকভাবে hellodc.bd ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে রিভিউ প্রক্রিয়া শেষ হলে সেখান থেকেও এটি ডাউনলোড করা যাবে। এছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি পাওয়া যাবে।
এছাড়াও, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১-৬০৬০৬০ নম্বরে কল করে সরাসরি সেবা গ্রহণের সুযোগ থাকবে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অ্যাপটির মাধ্যমে এনজিও-সংক্রান্ত সেবা, বিভিন্ন লাইসেন্সিং কার্যক্রম, নামজারি (মিউটেশন), অর্পিত সম্পত্তি-সংক্রান্ত সেবা, সরকারি সহায়তার আবেদনসহ নানা ধরনের নাগরিক সেবা পাওয়া যাবে।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালুর ফলে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। একই সঙ্গে জেলা প্রশাসনের সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করা সম্ভব হবে।





































































































