স্টাফ রিপোর্টার।।
জেলার সকল ধরনের নাগরিক সেবার মান ও গতি বাড়াতে এবং সেবা প্রত্যাশীদের নানান অনিয়মের অভিযোগ সরাসরি শুনে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নারায়ণগঞ্জে গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন।
বুধবার (১ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির।
গণশুনানিতে জেলা প্রশাসক(ডিসি) বলেন, সপ্তাহের প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাগরিকদের গণশুনানির জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে। এ সময় সকল ধরনের মানুষ সরাসরি এসে যে কোনো বিষয়ে তাদের অভিযোগ, সমস্যা ও আবেদন জানাতে পারবেন।
তিনি বলেন, “আজ বিভিন্ন বিষয় নিয়ে ১০ থেকে ১২ জন সেবা প্রত্যাশীর সঙ্গে উম্মুক্ত আলোচনা হয়েছে । এছাড়াও সপ্তাহজুড়েই অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলমান থাকে। এই দুই ঘণ্টা একান্তভাবে জেলার সকল জনগণের কথা শোনার জন্য নির্ধারণ করা হয়েছে।
ডিসি আরও বলেন, জেলা প্রশাসনের দরজা সবসময় জনগণের জন্য উন্মুক্ত রয়েছে। যে কোনো নাগরিক প্রয়োজন হলে সরাসরি এসে পরামর্শ, অভিযোগ বা আবেদন জানাতে পারবেন।
জেলা প্রশাসক(ডিসি) জানান, পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণশুনানির ব্যবস্থা চালু করা হবে। সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করে জনগণকে এক জায়গায় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
গণশুনানিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলিনুর খান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের নানাবিধ সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন।
এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, সেবা প্রত্যাশী ও জনগণের দুর্ভোগ কমাতে প্রতি সপ্তাহের বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিয়মিত ২ঘন্টা ব্যাপি এ গণশুনানি অনুষ্ঠিত হবে।





































































































