নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু
- আপডেট সময়- ০৫:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং যুবদল নেতা মো. মাসুম। ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং যুবদল নেতা মো. মাসুম নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম মোটরসাইকেলযোগে সিদ্ধিরগঞ্জের দশ পাইপ এলাকা দিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাক তাদের চাপা দেয়। এসময় তারা দুজনই সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, নিহত আব্দুল কাদির জিলানী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, অপরদিকে, মো. মাসুম স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তারা সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































