কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত
- আপডেট সময়- ০৫:১৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১ বার পড়া হয়েছে
অনলাইন নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক জুলাই যোদ্ধা (ছাত্র সমন্বয়ক) নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত খোরশেদ আলম (২৬) কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে তার পেট ও পায়ে ছুরিকাঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কক্সবাজার শহরে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিদুয়ানুল হক অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে খোরশেদের ওপর হামলা চালানো হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নিয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





























































































































































