প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন ৩ সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান, জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌল্লা সুজন।
সোমবার(৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
উপ-প্রেস সচিব নিয়োগের প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
তিন উপ-প্রেস সচিবের মধ্যে সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক সমকাল, কালের কণ্ঠ, আমাদের সময়ে কাজ করেছেন।
জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফের ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইউএনবি, দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক ধরে কাজ করেছেন।
মো. সুজাউদ্দৌল্লা সুজন (সুজন মাহমুদ) বর্তমানে বাংলাভিশনে কাজ করছেন। এর আগে তিনি কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন।






































































































