বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার আসহায় ও সুবিধা বঞ্চিত নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।
রমজান মাস উপলক্ষে তার উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) শহরের বিভিন্ন ওয়ার্ডে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নগরীর ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১১’শ অসহায় পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। পাশাপাশি ২১ ও ২৩ নম্বর ওয়ার্ড, মদনপুর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন এবং কলাগাছিয়া ইউনিয়নে আরও প্রায় এক হাজার অস্বচ্ছতা পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মাসুদুজ্জামানের ঈদ উপহার সামগ্রী যাতে করে সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছে, তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। তাদের প্রস্তুত তালিকা অনুযায়ী সুশৃঙ্খলভাবে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে মাসুদুজ্জামান বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই সময়ে মানুষের কষ্ট অনুধাবনের সুযোগ তৈরি হয়। সমাজের সচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে বলে তিনি মনে করেন।তারই লক্ষ্য- রমজান ও ঈদে কোনো পরিবার যেন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কষ্টে এবং অভুক্ত না থাকে।
বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে মাংস ও ঈদ সামগ্রী কেনা অনেক পরিবারের জন্য কঠিন সাধ্য হয়ে পড়েছে। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করেছে।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আমির হোসেন, মনিরুল ইসলাম রবি, মমিনুল ইসলাম বাবু, রিপন মাতবর, কবির, ইমাম হোসেন বাদল, হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই মানবিক মানুষ এবং মানবতার ফেরিওয়ালা বয়বসায়ী মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন। রমজান উপলক্ষে চলমান এই কর্মসূচিও মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।






























































































































































