যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত শুরু হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের সঙ্গে এই জামাতে অংশ নেন। এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে নামাজ আদায় করেন। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে সকাল ৭টা ও ৮টার দুটি জামাত সম্পন্ন হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান এবং দ্বিতীয়টিতে মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। এরপর সকাল ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় আরও তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঈদের জামাতকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিশেষ করে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহে প্রবেশের প্রতিটি পয়েন্টে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি চালিয়ে মুসল্লিদের ভেতরে প্রবেশ করানো হয়। পুরো এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এবং নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় রোড ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। উৎসবের এই দিনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সজাগ অবস্থানে রয়েছেন।





























































































































































