নারায়ণগঞ্জে ‘গৃহবধূ চম্পা’ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ঘাতক স্বামী গ্রেপ্তার
- আপডেট সময়- ০৩:২৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ক্লু-লেস গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২) হত্যান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন। নৃশংস হত্যাযজ্ঞের সাথে জড়িত নিহতের ঘাতক স্বামী মো. হামিদুল ইসলাম রনি (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার(এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।
বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, গত বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে ফতুল্লার আলীগঞ্জ পূর্বপাড়া রেললাইন সংলগ্ন একটি টিনশেড বাড়ির পাশে পরিত্যক্ত কক্ষ থেকে সাবিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিবিআইয়ের চৌকস ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্লুলেস এ মামলার ছায়া তদন্ত শুরু করে।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই রুবেল কাজী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিবিআই ছায়া তদন্ত মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনের চেষ্টা করার সময় নিহতের স্বামী রনিকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পরের দিন বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আসামি রনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার(এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, মূলত ‘পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই বিরোধ লেগে থাকত। ঘটনার দিন রাতে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে রনি ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে স্ত্রীর নিথর মরদেহ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশের একটি পরিত্যক্ত কক্ষে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান।
তিনি আরও বলেন, পিবিআই’র ছায়া তদন্ত ‘তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় অন্য আরও কেউ জড়িত রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




























































































































































