কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া থেকে বিশেষ রিলিফ ট্রেন আনা হচ্ছে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ‘ঈদের দিন মূলত এই মেইল ট্রেনটিই চলাচল করছিল। ঈদের পরদিন থেকে সব ট্রেন শিডিউল অনুযায়ী চলার কথা। যেহেতু ঈদের দিন রাতে দুর্ঘটনাটি ঘটেছে, তাই এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে ঢাকা ও চট্টগ্রাম থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে আসা ট্রেনগুলো কুমিল্লায় পৌঁছানোর আগেই উদ্ধার কাজ শেষ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের ১২ জন যাত্রী নিহত হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।





























































































































































