রূপগঞ্জে ব্যবসায়ী হত্যাকান্ড; পিবিআই’র রহস্য উদ্ঘাটন, ১জনের মৃত্যুদণ্ড, অপর সহোদরের কারাদণ্ড
- আপডেট সময়- ০৫:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ছবি; পিবিআই
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ (৩০) রূপগঞ্জ উপজেলার মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। একই মামলায় তার সহোদর ভাই মাহফুজুর রহমান (২৬) কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় মাহফুজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম)।
জানা গেছে, নিহত ব্যবসায়ী হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদম আলীর ছেলে এবং ভুলতা নূর ম্যানশন মার্কেটের “হাসান এন্টারপ্রাইজ” নামের মোটর পার্টস দোকানের মালিক ছিলেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, রায়ের বিষয়ে জানান, দায়ের করা হত্যার ঘটনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মাহফুজুর রহমানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি মামুন মিয়া (২৩) অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২০ সালের ৪ এপ্রিল থেকে তিনি নিখোঁজ হন। এর ১০ দিন পর, ১৪ এপ্রিল, তাঁর স্ত্রী রোকসানা বেগম রূপগঞ্জ থানায় রফিকুল ইসলাম সবুজ, মাহফুজুর রহমান, মামুন মিয়া ও তাদের বাবা ইয়াকুব মোল্লার বিরুদ্ধে অপহরণ ও গুমের মামলা দায়ের করেন।
দীর্ঘদিন বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণ ও আসামির দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ আদালত রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড এবং তার ভাই মাহফুজুর রহমানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিজ্ঞ আদালত রায় ঘোষণা সময় বলেন “অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে এক নিরীহ ব্যবসায়ীকে হত্যা করেছে, যা সমাজে ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে।”রায়ের পর বিজ্ঞ আদালত অপর পলাতক আসামি রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই রায়ের মাধ্যমে প্রায় ছয় বছর আগের ঘটে যাওয়া আলোচিত হেকমত আলী হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
































































































































