বিশেষ প্রতিবেদক।।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির শাহবাগ থানার পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি সাংবাদিক আলী মাসুদের। তিনি দৈনিক দিনকালে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাবের বাথরুমের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ সেখানে গিয়ে টয়লেটের দরজা খুলে ভিতর থেকে ওই সাংবাদিকের নিখর মরদেহ উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। নিহত সাংবাদিকের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।