সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জেলা প্রশাসক
- আপডেট সময়- ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ রায়হান কবির।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক(ডিসি) সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও আট্টি হাউজিং এলাকায় ক্ষতিগ্রস্ত ও ফাটল ধরা ভবনগুলো পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক(ডিসি) জানান, ভূমিকম্পের পরপরই একটি বিশেষ টিম মাঠে নামানো হয়েছে, তারা কাজ করছে। তবে প্রাথমিক তথ্য সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২০ থেকে ২৫টি ভবনে ফাটল দেখা গেছে। “এই সংখ্যা আরও বাড়তে পারে। সব ভবন পর্যবেক্ষণ শেষে আমরা সঠিক হিসাব দিতে পারব।
ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ঝুঁকি সম্পর্কে তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত টেস্ট করে ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিয়ম না মেনে ভবন নির্মাণের বিষয়টিকেও ডিসি সমস্যা হিসেবে উল্লেখ করেন।
ডিসি বলেন, অনেক ভবনই নিয়মের তোয়াক্কা না করেই তৈরি হয়েছে। রাজউক এসকল বিষয়গুলো এখন থেকে কঠোরভাবে তদারকি করবে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার ক্ষয় ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসক(ডিসি) বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকার একটি স্কুল ও একটি গার্মেন্টসের ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অন্যান্য গার্মেন্টসের ক্ষেত্রেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনকালে জেলা প্রশাসক(ডিসি) হিরাঝিল এলাকার মোহাম্মদ আলী টাওয়ারে অবস্থিত সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভবন, একই টাওয়ারের ৮তলা আবাসিক ভবন এবং পাঁচতলা বিশিষ্ট ইসমাঈল ভূঁইয়ার বাড়ি পরিদর্শন করেন। পরে আট্টি হাউজিংয়ের তিনটি হেলে পড়া পাঁচতলা ভবনও ঘুরে দেখেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাসলিমা শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, রাজউক নারায়ণগঞ্জ জোনের অথরাইজড অফিসার রঞ্জন ম-ল প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ







































































































































