নারায়ণগঞ্জর সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির বলেছেন, আইনশৃঙ্খলা কমিটির মিটিং এ যে সকল আলোচনা ও পরামর্শ এসেছে, সর্বাগ্রে স্বতঃস্ফুর্তভাবে গ্রহণযোগ্য। এখন নারায়ণগঞ্জ জেলার জন্য নব উদ্যোমে কাজ করার সময় এসেছে।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বক্তব্য উপস্থিত সকলের উদ্দেশ্যে তুলে ধরেন।
জেলা প্রশাসক(ডিসি) বলেন, জেলায় ও মূল শহরের যানচলাচলের বিভিন্ন সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক আগেই আলোচনা করেছেন। ঈদের পরবর্তী একটি আলাদা সভার মাধ্যমে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং সংসদ সদস্যদের(এমপি) সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা হবে। তবে রমজান মাসে ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।
নিরাপত্তা বিষয়ে জেলা প্রশাসক(ডিসি) বলেন, ঈদের সময়ে ঘর-বাড়ি, আবাসিক ফ্ল্যাট ফাঁকা থাকে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা বিষয়গুলোর দিকে বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। ট্রাফিক ম্যানেজমেন্ট ও অন্যান্য সমস্যার বিষয়ে সংসদ সদস্যদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
মধ্য প্রচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট প্রসঙ্গে ডিসি বলেন, বন্দর নগরীতে ইতিমধ্যে ৮টি তেলের জাহাজ এসেছে, আরও কিছু আসছে। যদিও সামান্য ঘাটতি থাকতে পারে, তবুও কোনো ধরনের চাপ নেই বললেই চলে। সরকার রুটেশন ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রণ করছে। তিনি সকলকে জ্বালানি সাশ্রয় বিষয়ে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানান।
জেলা প্রশাসক(ডিসি) রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলার পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমান, র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, বিআরটিএ এর উপপরিচালক মাহাবুবুর রহমান প্রমূখ।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ এবং বিকেএমইএ-এর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগন।





































































































