নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা নয়জন দুর্বৃত্ত নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশনে রাখা একটি বিআরটিসি বাসে আগুন দেয়। একই রাতে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলমান রয়েছে।