ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ সময় দুটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়। পরদিন শনিবার (১৪ নভেম্বর) ভোরে সাবরাংয়ের জিন্নাখাল এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সি বিচ বিওপির সদস্যরা মহেশখালীয়াপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। রাত ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশায় দুই নারী চেকপোস্টের কাছে পৌঁছালে তাঁদের থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ঝুড়ি থেকে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিওপির বিশেষ টহল দল নাফ নদীর জিন্নাখাল এলাকায় অবস্থান নেয়। রাত ২টার দিকে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে তাঁদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হাবিলপাড়া এলাকার ছেনোয়ারা বেগম (৫০), দিলারা বেগম (৪০) এবং সাবরাংয়ের গোলারপাড়া এলাকার মো. হোসেন (৫০)। এ ঘটনায় মো. শাকের (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি, বিশেষ টহল, তল্লাশি কার্যক্রম ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।