
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ফাইল ছবি
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পাহাড়ে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সব অংশীজনকে একযোগে কাজ করতে হবে।
অপরাধমূলক কর্মকাণ্ডে সিএনজিচালিত অটোরিকশার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এসব অপরাধ প্রতিরোধে চালক ও মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের শনাক্ত ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
দূরপাল্লার পরিবহনে চালকদের কর্মঘণ্টা নির্ধারণের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পণ্য পরিবহনের খরচ কমাতে অনেক সময় একজন চালককে টানা ১২ থেকে ১৬ ঘণ্টা গাড়ি চালাতে হয়। এতে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ে।
আগের সরকারের সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে তিনি বলেন, আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মন্ত্রী-সংসদ সদস্যরা আলাদা গাড়িতে যাতায়াত করতেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা একই বাসে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এতে সড়কে গাড়ির সংখ্যা কমার পাশাপাশি যানজটও কমে এবং সড়কে শৃঙ্খলা মেনে চলার দৃষ্টান্ত তৈরি হয় বলে মন্তব্য করেন তিনি।
পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক ও সামাজিক ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং স্থায়ী শান্তি বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। পার্বত্য অঞ্চলে অস্থিরতা ও সংঘাত দেশের সামগ্রিক উন্নয়ন ও সম্প্রীতির পথে বাধা। এ অঞ্চলের সমস্যাগুলো দীর্ঘদিনের জটিলতার ফল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক এবং জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। অনুষ্ঠান শেষে ভালো চালকদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।