বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে আলতাফ হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় আজ সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আলতাফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার ঢাকেশ্বরী কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে জানা যায়, আলতাফ হোসেন তার ছোট ভাই শাহাদাত হোসেনের কাগজের ব্যবসার ব্যাংকিং লেনদেনের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মদনপুরের ডাচ্-বাংলা ব্যাংকের একটি শাখা থেকে শেখ ফারাজ পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের একটি চেকের বিপরীতে ১৬ লাখ ৫০ হাজার টাকা তোলেন। তার সঙ্গে থাকা আরও দেড় লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন।
ঢাকেশ্বরী কবরস্থানের সামনে নেমে হেঁটে যাওয়ার সময় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের পোশাকসদৃশ কোটি পরা তিন থেকে চারজন আলতাফের পথ রোধ করেন। তারা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে আলতাফ হোসেনের নামে মামলা আছে বলে দাবি করেন। তিনি প্রতিবাদ করলে তাকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
পরে আলতাফ হোসেনকে হাত, পা ও চোখ বেঁধে হাতকড়া পরিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার ব্যাগে থাকা ১৮ লাখ টাকা, জাতীয় পরিচয়পত্র ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। ৪০ থেকে ৪৫ মিনিট বিভিন্ন স্থানে ঘোরানোর পর সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে তাঁকে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।
এদিকে, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।





































































































