কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর টয়লেট ট্যাংক থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার
- আপডেট সময়- ১১:০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর চার মাস বয়সী শিশু আশরাফুলের মরদেহ বাড়ির পেছনের টয়লেট ট্যাংক থেকে উদ্ধার হওয়ায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকায়। শিশুটির বাবা শাহিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়ানোর পর ঘরের ভেতরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশে ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। এরপর পরিবারের সদস্যরা ঘর ও আশপাশে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজের পর এক প্রতিবেশী দাবি করেন, বোরকা পরা তিন নারীকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা গেছে এবং তাদের একজনের হাতে একটি শিশু ছিল। এ বক্তব্যের পর এলাকায় শিশু চুরির আশঙ্কা ছড়িয়ে পড়ে।
বুধবার (৩ মার্চ) সকালে বাড়ির পেছনের টয়লেট ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা ভেতরে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দীর্ঘদিন পানির ভেতরে থাকায় মরদেহটি পচাগলা অবস্থায় ছিল।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, নিখোঁজের ঘটনার পর থেকেই তদন্ত চলছিল। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে শিশুটির দাদী অভিযোগ করেছেন, তার ছোট ছেলের স্ত্রী (রুপা আক্তার )দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বিরূপ আচরণ করতেন এবং বিভিন্ন সময় হুমকি দিতেন। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন। তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং পারিবারিক বিরোধের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। প্রাথমিকভাবে রুপা আক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































