খুলনা নগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড়ে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ডাকবাংলো মোড় এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্ত মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পরপরই অভিযানে নামে পুলিশ। এসময় অশোক ঘোষ নামের একজনকে একটি বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কারণ উদ্ঘাটন এবং জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।





































































































