
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টায় দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড এই সিদ্ধান্তের কথা জানায়।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের ৪র্থ সভা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পোশাকশ্রমিকরা প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা; দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা; তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা বেতন পাবেন।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।
বাবুল আখতার আরও বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।
এদিকে, মজুরি নির্ধারণের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন পরিহার করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। একইসঙ্গে দ্রুত নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি তাদের।
অন্যদিকে, গার্মেন্ট সেক্টর বাঁচাতে সব পক্ষকে সহনশীল হবার আহ্বান জানিয়েছে মালিকপক্ষ।
নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান। দ্রুতই প্রকাশ করা হবে এ সংক্রান্ত গেজেট।