
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসে থাকা প্রায় ১৬ জন যাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
বাসে থাকা এক যাত্রী জানান, মেঘলা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৬৮) গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন।
ওই যাত্রীর অভিযোগ, যাত্রীবেশে থাকা দুই যুবক বাসে আগুন দেন। আগুন লাগার পর সবাই দ্রুত বাস থেকে নেমে যান। এ সময় ওই দুই যুবকও পালিয়ে যান।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসের পেছনের অংশে প্রথমে আগুন দেখতে পান যাত্রীরা। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ক্ষম হয়।