
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য(এমপি) গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাঁকে গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে নিজ জেলা সিরাজগঞ্জের শাহজাদপুর ও রাজধানী ঢাকায় বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এছাড়াও, রূপগঞ্জে ‘দাদা এমদাদ’ নামে পরিচিত তার বিরুদ্ধে অর্থ পাচার, জমি দখল, প্রতারণা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার রয়েছে বিস্তর অভিযোগ।
ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের আমলে দীর্ঘদিন গোলাম দস্তগীর গাজীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন এমদাদুল হক।
এ সময় রূপগঞ্জে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে জমি দখল, চাঁদাবাজি, প্লট বাণিজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার বহু অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৫ সালের ১১ ডিসেম্বর গোলাম দস্তগীর গাজী ও এমদাদুল হকসহ আটজনের বিরুদ্ধে প্রায় ৮৭ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির অনুসন্ধানে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত সংঘবদ্ধভাবে প্রতারণা, চাঁদাবাজি ও ভুয়া দলিল তৈরির মাধ্যমে ১৬ জনের মালিকানাধীন ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি অবৈধভাবে দখল ও হস্তান্তরের অভিযোগ উঠে আসে আসামিদের বিরুদ্ধে। এসব জমির সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা।
এর আগে ২০২৪ সালের আগস্টে রূপগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও এমদাদুল হকসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা করেন বাবুল শিকদার নামে এক বিএনপি নেতা। চনপাড়া এলাকায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নূরুন্নাহার বেগম নামে এক নারীর দায়ের করা মামলাতেও আসামি করা হয় এমদাদুল হককে।