অনলাইন নিউজ ডেস্ক।।

 

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত রোববার শহরের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর থানার সামনে লোকজন জড়ো হতে শুরু করেন।

Tungipar Fire Unrest 04আটক দলীয় নেতাকর্মীদের জোরপূর্বক ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় আগুন দেয়

আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয় বলে জানা গেছে। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল থানার দিকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল, ছররা গুলি, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে সূত্রের দাবি।

একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং থানা চত্বরে রাখা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর করতে এবং স্লোগান দিতে দেখা গেছে।

Tungipar Fire Unrest 02মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও করে তারা

এ ছাড়া এইচ এম রুবেল ফরাজী নামের এক ব্যক্তিকে ফেসবুক লাইভে থানায় আগুন দেওয়ার হুমকি দিতে দেখা যায় বলে সংশ্লিষ্ট ভিডিওতে উল্লেখ করা হয়েছে। লাইভে তিনি পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের কথাও বলেন।

এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানান, থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় আগুন লাগার খবর পেয়েছেন তারা। তবে নিরাপত্তাজনিত কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি। নিরাপত্তা নিশ্চিত হলে আগুন নেভানো ও উদ্ধারকাজে অংশ নেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

Tungipar Fire Unrest 03সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে

এদিকে, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান রাতে গণমাধ্যমকে বলেন, টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের খবর পাওয়ার পর থেকে পুলিশ সদর দপ্তর পরিস্থিতির ওপর নজর রাখছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুন্নুমিরাও থানায় হামলা ও পুলিশের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেছেন। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি