
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালের দিকে শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এই হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, হাসিব একটি অটোরিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার মুখে তিনি একপর্যায়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
ভিডিওতে হাসিবের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ার পর তাকে নিয়ে নতুন করে আলোচনা ও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তিনি যে রিসোর্টে অবস্থান করছিলেন, সেখানকার ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন নিশ্চিত করেছেন যে, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে রুম বুকিং করেছিলেন।
রিসোর্ট সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের ‘বালিশিরা রিসোর্ট’-এর ১১৮ নম্বর ‘অগ্নিবীণা’ রুমে দম্পতি পরিচয়ে ওঠেন হাসিব। আজ মঙ্গলবারই তাদের চেক-আউটের কথা ছিল, তবে তার আগেই সকালে এই আক্রমণের শিকার হন তিনি। ঘটনার পর থেকে আত্মরক্ষায় তিনি আত্মগোপনে চলে যান।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাবি ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসিবের ওপর এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। হামলায় হাসিব আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
জাহিদ আহসান অবিলম্বে অভিযুক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।