নারায়ণগঞ্জ আদালত চত্বরে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার,আটক-৩
- আপডেট সময়- ০২:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ মোট ৩টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
গ্রেপ্তারকৃতরা হলেন মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)।
পুলিশ সুপার(এসপি) জানান, গত ২২ জুন মোহাম্মদ আরিফ তার ব্যবহৃত ২০০৬ মডেলের টয়োটা এক্স করোলা (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) নতুন জজ কোর্টসংলগ্ন পার্কিংয়ে রেখে নাস্তা করতে যান। ফিরে এসে গাড়িটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
তিনি জানান, গত ২৫ জুন রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে মোমিনুর রহমান ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার(এসপি) আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য। চক্রটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত।
তবে এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার(এসপি)
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































