ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (১৯ জুন) রাতে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আল-ফয়সাল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন জমির হোসেন প্রকাশ হোসেন (৩৬)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি টেকনাফ পৌর এলাকায় অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই শেষে রাত ৮টা ১৫ মিনিটে আল-ফয়সাল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত ও মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জমির হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের জারি করা সাজা পরোয়ানা কার্যকর করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চলছিল। অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।