জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬
- আপডেট সময়- ০৬:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

আব্দুল হান্নান, ভ্রাম্যমাণ প্রাতিনিধি।।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে জাতীয় সংসদে পাস হয়েছে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬’।
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬’ জারি করে। গত ১৬ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে বাংলাদেশ গেজেটে অধ্যাদেশটি প্রকাশ করা হয়।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনায় ২০২৫ সালের ১৮ ডিসেম্বর নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২৯ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়।
অধ্যাদেশের প্রস্তাবনায় বলা হয়েছে, নারায়ণগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় পরিকল্পিত আধুনিক নগর গড়ে তোলা, প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
আইন অনুযায়ী, ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার নির্ধারিত পার্শ্ববর্তী এলাকায় কার্যকর হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে।
এতে কর্তৃপক্ষের কাঠামো, চেয়ারম্যান নিয়োগ, ভবন নির্মাণ, জলাধার সংরক্ষণ, বিধি ও প্রবিধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়েছে। ভবিষ্যতে এ কর্তৃপক্ষের মাধ্যমে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ আইন কার্যকর হলে নারায়ণগঞ্জে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের অপরিকল্পিত নগর বিস্তারের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































