কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- আপডেট সময়- ০৫:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ উপলক্ষে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে কুলিয়ারচরের স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। জাতীয় সংগীত পরিবেশনের পূর্বে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর উপস্থিতিতে শান্তি ও সম্প্রীতির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। একই সঙ্গে কুচকাওয়াজ, আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেন, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংবর্ধনা প্রদান করেন এবং শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সম্মাননা জানান। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষ পর্যায়ে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





































































































































