সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগের ৩ নেতার জামিন
- আপডেট সময়- ০৩:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের প্রায় ৯ মাস পর বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ ৩ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির।
তিনি জানান, আদালতের আদেশে জেবুন্নেছা আফরোজসহ ৩জন জামিন পেয়েছেন।
জামিনপ্রাপ্ত অন্য দুজন হলেন, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৭ মে ঢাকার বাসা থেকে ডিবি পুলিশ জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করে। পরে তাকে বরিশালের অন্তত ৬টি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং তখন থেকেই তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
অন্যদিকে, ২০২৫ সালের ২০ মে সকালে ঢাকার নিজ বাসা থেকে মাহমুদুল হক খান মামুনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
ছাত্রলীগ নেতা জসিম উদ্দিনকে ২০২৫ সালের ১৮ জুন রাতে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। চলতি বছরের ২২ জানুয়ারি তিনি একটি মামলায় জামিনে মুক্তি পেলেও কারাগারের গেট থেকেই অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
২০২৪ সালের জুলাইয়ে অভ্যুত্থান চলাকালে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে কয়েকটিতে তাদের নাম রয়েছে। এছাড়া যুবলীগ নেতা মামুনের বিরুদ্ধেও বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
































































































































