সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গণমাধ্যম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, নির্বাচন, পূর্বাভাস, বাংলাদেশ, রংপুর, রাজনীতি
গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মুখোমুখি গাইবান্ধা। জেলার পাঁচটি আসনের ২১ লাখ ৭২ হাজার ৪৬৮ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের পূর্বমুহূর্তে মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। মোট ৪০ জন প্রার্থী তাদের শেষ প্রচারণা ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে চেষ্টা করছেন বিপুল সংখ্যক এ ভোটারদের আস্থা ও মন জয় করতে।
নির্বাচনী সমাবেশ, মিছিল ও উঠান বৈঠকের শেষ তোলপাড় চলছে। প্রতিটি প্রার্থীই তাদের নির্বাচনী ইশতেহারে স্থানীয় সমস্যা সমাধান, নতুন উন্নয়ন প্রকল্প, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সংস্কার এবং যুব সমাজের কর্মসংস্থানের গ্যারান্টি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চূড়ান্ত চেষ্টায় মেতেছেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন প্রার্থীর লড়াই। ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯০৩ জন। কেন্দ্র ১২৩টি।
গাইবান্ধা-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার। কেন্দ্র ১১৮টি।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে সর্বাধিক ১০ জন প্রার্থী। ভোটার ৫ লাখ ১ হাজার ৯৪৩ জন। কেন্দ্র ১৪৬টি।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ জন প্রার্থীর প্রতিযোগিতা। ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৮৭১ জন। কেন্দ্র ১৪২টি।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৯ প্রার্থী। ভোটার ৩ লাখ ৮১ হাজার ৭৫১ জন। কেন্দ্র ১৪৬টি।
নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা বেষ্টনী সম্পর্কে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সকল প্রস্তুতি সম্পন্ন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের ব্যাপক মোতায়েনের কথা নিশ্চিত করেন। দুর্গম চরাঞ্চলেও বিশেষ নিরাপত্তা বলয় তৈরির পাশাপাশি নির্বাচন-পূর্ব ৭২ ঘণ্টা জোরদার টহল কার্যক্রম চলবে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে আসা নতুন ভোটার ও নারী ভোটারদের দিকে প্রার্থীদের বিশেষ নজর রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্রচারণার পাশাপাশি সরাসরি যোগাযোগের উপরও জোর দিচ্ছেন প্রতিযোগীরা। ভোটারদের অনেকেই উন্নয়নের প্রকৃত ছবি ও প্রার্থীদের সততার রেকর্ড বিবেচনায় রাখার কথা জানিয়েছেন।
গাইবান্ধার রাজনৈতিক আঙ্গিনায় এই প্রতিদ্বন্দ্বিতা শুধু আসন জয়ের লড়াই নয়, বরং ২১ লক্ষ মানুষের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতির এক চূড়ান্ত পরীক্ষা। আগামী ভোটের ফলাফলই বলবে, কার প্রতিশ্রুতি জয় করেছে ভোটার হৃদয়।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































