কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- আপডেট সময়- ০৫:৫০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ কিশোরগঞ্জে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
দলের আমিরের আগমনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী আর পঁচা রাজনীতি দেখতে চায় না; ২০২৪ সালের যুব সমাজ পরিবর্তন চায়। তিনি বলেন, জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। জনগণের রায়কে সম্মান জানাতে জামায়াতে ইসলামী সবসময় প্রস্তুত।
তিনি অভিযোগ করে বলেন, নারী ইস্যুকে ব্যবহার করে কিছু গ্রুপ পরিকল্পিতভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
আইডি হ্যাক সংক্রান্ত বিষয়ে জামায়াত আমির বলেন, বিষয়টি স্পষ্ট হওয়ার পরও একটি রাজনৈতিক দল এটিকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যবসা করে যাচ্ছে।

কিশোরগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি মূলত কৃষিনির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ, কৃষিকে শিল্পে পরিণত করা হবে। জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “আমরা জামায়াতের সরকার চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের সরকার।”
তিনি আরও বলেন, ইসলামি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে এবং দেশে ন্যায্য বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আমরা চাই বাংলাদেশ মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে দাঁড়াক।
যুবসমাজের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই মাসে দেশের যুবসমাজ সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে। তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































