
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
কুমিল্লার বরুড়া উপজেলায় ইউএনও অফিসের সামনে ব্যতিক্রমী এক সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে লেখা রয়েছে ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন’।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো এবং সেবাপ্রত্যাশীদের সহজে ইউএনওর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট এই বার্তায় সরকারি দপ্তরকে মানুষের জন্য আরও উন্মুক্ত ও সহজলভ্য করার ভাবনা প্রকাশ পেয়েছে।
এ বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি বলেন, জনসাধারণের সঙ্গে দূরত্ব কমাতেই আমি এমন উদ্যোগ নিয়েছি। সাধারণ সেবাপ্রত্যাশীরা যেন এ কার্যালয়কে তাদের নিজস্ব কার্যালয় মনে করে সেজন্যই উদ্যোগটি নেওয়া হয়েছে। সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে।
অতএব, আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন এটাই আমার জনসাধারণের উদ্দেশ্যে মেসেজ এবং প্রত্যাশা।