নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও কার্যকর করতে সকলের সহযোগিতা চেয়েছেন জেলার পুলিশ সুপার(এসপি) মো. হাবিবুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা পুলিশের বিভিন্ন অভিযানের বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ উপস্থিত সকলকে গণমাধ্যমে মাধ্যমে এ বার্তা সকলের কাছে পৌঁছে দিতে আহ্বান জানান।
পুলিশ সুপার(এসপি) মো. হাবিবুর রহমান বলেন, “আমি এই জেলায় যোগদানের পর থেকে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছি। জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক উদ্ধার, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে।”
তিনি বলেন, “নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
যে কোনো অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে এসপি বলেন, “নারায়ণগঞ্জবাসী, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংবাদিক ও সচেতন সমাজের কাছে আমাদের অনুরোধ অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।”
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার(এসপি) আরও জানান, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসংক্রান্ত ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযান পরিচালনা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।