নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮০০ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জোনাল বিক্রয় অফিস-বন্দর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
অভিযানে লাঙ্গলবন্দের চিরাইপাড়া এলাকায় প্রায় ৩০০টি ডাবল বার্নারের অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩৫০ ফুট এমএস পাইপ ও একটি ভাল্ব অপসারণ করা হয়।
চিরাইপাড়া জাঙ্গাল এলাকায় ‘ঢাকা সিয়াম বেকারি’তে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে দুটি ওভেন ও দুটি ডাবল বার্নার ব্যবহার করা হচ্ছিল। সেখান থেকে ৩০ ফুট এমএস পাইপ ও একটি বুস্টার জব্দ করা হয়।

এছাড়াও কেওডালা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে থাকা প্রায় ৫০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে ৭০ ফুট তিন ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়।
অভিযানকালীন মাটির প্রায় ১৫ ফুট নিচে মূল চার ইঞ্চি লাইনের সঙ্গে যুক্ত অবৈধ বিতরণ লাইনের উৎসস্থল বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত প্রায় ২০০ ফুট হোস পাইপ কেটে নষ্ট করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ ও সিস্টেম লস কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।