নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা মামলায় ভূঁইগড় সোনালী সংসদ ক্লাবের সভাপতি হুমায়ুন কবিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লাস্থ নিজ এলাকা ভূঁইগড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুন কবির ২৪শে গনঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা ৪টি মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশের দাবি, হুমায়ুন কবির আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয় পর্যায়ে সংগঠনটির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
অপরদিকে, একই দিন পাগলা রেলস্টেশন এলাকা থেকে ইসহাক (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, আটককৃত ইসহাক বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে করা দুটি মামলার এজাহারনামীয় আসামি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।