রূপগঞ্জের সুরিয়াব মসজিদ। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের তুমুল সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাতে রূপগঞ্জ উপজেলার সুরিয়াবো এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে আহতরা হলেন- রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেন। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থানীয় সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে রউফ মিয়ার লোকজনের সঙ্গে শরিফ মিয়ার গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে চলে আসছিল। ওই দ্বন্দ্বের জের ধরেই শনিবার এশারের নামাজের পর এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়।
একপর্যায়ে শরিফ মিয়ার সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে রউফ মিয়ার লোকেরাও পাল্টা হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।