নিহত একই পরিবারের চার সদস্য । ছবি: সংগৃহীত
রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে তালাবদ্ধ বাড়িটির তালা ভেঙে চারটি মরদেহগুলো উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া বিরাজমান রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়িটির ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শনিবার রাতে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায় এবং তা উদ্ধার করে। তবে কীভাবে বা কী কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহগুলো ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এ পুলিশ কর্মকর্তা।