স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ক্যান্সারে আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী শিশু অর্নব চন্দ্র দাসের চিকিৎসা সহায়তা হাত বাড়য়ে দিয়েছে সদর উপজেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) ক্যান্সারে আক্রান্ত শিশুটির মা নিপা রানী দাসের হাতে ১৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
তথ্য সূত্রে জানা যায়, ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসিন্দা নিপা রানী দাসের শিশুপুত্র অর্নব এইচএলএইচ নামের ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের সঞ্চয়ের পুরোটা শেষ হয়ে যায়।
ফলশ্রুতিতে শিশুটির চিকিৎসা ব্যায় বহন করা পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। এর পরবর্তী সন্তানের জীবন রক্ষায় আর্থিক সহায়তা চেয়ে গত ১৩ আগস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন শিশুটির মা।
পরে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে সদর উপজেলা প্রশাসন, ক্যান্সারে আক্রান্ত শিশুটির চিকিৎসার বাবদ ১৫ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিশুটির ক্যান্সার চিকিৎসার বিষয়টি মানবিক দিক বিবেচনায় এনে আবেদনটি পর্যালোচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোববার অসহায় পরিবারটিকে আর্থিক অনুদান বাবদ ১৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।