অনলাইন ডিজিটাল ডেস্ক।।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ, মোটরসাইকেল ও তাঁবুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভাষ্য, ইব্রাহিম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী এবং সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। অন্যদিকে নিজামউদ্দিন আওয়ামী লীগের কর্মী ছিলেন। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।

ইব্রাহিম সিপাহীর মরদেহের সুরতহাল করেছেন শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। বিকেলে তিনি জানান, নিহতের শরীরে একটি ছিদ্র দেখা গেছে। সেটি গুলির চিহ্ন কি না, তা নিশ্চিত হতে পারেননি তিনি। শরীয়তপুর সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত চলছে।

অন্যদিকে, নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবার জমাদ্দার মোড়সংলগ্ন এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। তাদের কর্মসূচি ঠেকাতে আগের রাত থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ককটেল নিক্ষেপ চলে। এ সময় গুলির ঘটনাও ঘটে বলে তাদের কেউ কেউ জানিয়েছেন। সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, সংঘর্ষে ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের সময় বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। এ ছাড়া ২০ থেকে ২৫টি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশের একটি রেস্তোরাঁয় ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। এতে রেস্তোরাঁর আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

সংঘর্ষের সময় সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। পরে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে, সংঘর্ষের সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তারা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সংঘর্ষে নিহত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। রোববার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন

এসব ঘটনার কারণে রোববার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। জাজিরা থানা-পুলিশ জানায়, সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল আবার শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

অন্যদিকে, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, সংঘর্ষের সময় গুলিতে নিজামউদ্দিন আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনাটি শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় ঘটেছে। সেখানে দুই পক্ষের সংঘাতে শিবচরের এক বাসিন্দা গুলিবিদ্ধ হন। তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে।