
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড ও তাঁর ভাই আব্দুল্লাহসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অভিযানের সময় পুলিশের গুলিতে আহত হয়েছেন ডেভিড। এ সময় ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নামে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ছায়া তদন্তের মাধ্যমে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে তাঁকে চিহ্নিত করেছে পুলিশ।
আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাসলিমপট্টি এলাকার একটি পরিত্যক্ত ভবনে অবস্থানরত ডেভিডকে গ্রেপ্তার করতে গেলে পালানোর চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি ছুড়লে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ডেভিডের ককটেলের আঘাতে চার পুলিশ সদস্যও আহত হন।
পরবর্তীতে গুলিবিদ্ধ ডেভিডকে উদ্ধার করে খানপুর ২'শ শয্যা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, পৃথক অভিযানে নারায়ণগঞ্জের এসআরবি-১১ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত রোববার (২২ নভেম্বর) রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা।সুকৌশলে এএসআই সাত্তার পালিয়ে প্রাণ রক্ষা করলেও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার।
পরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা হত্যা মামলা দায়ের করা হয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.