প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
টেকনাফে যৌথ অভিযান বিজিবির টহল দলের ওপর হামলায় আহত-১, আটক-৩

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনকালে বিজিবির বিশেষ টহল দলের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। হামলায় টহল দলের ব্যবহৃত পিকআপের তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালন করছিল বিজিবির এক প্লাটুন বিশেষ টহল দল। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে টহল দলকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। একই সঙ্গে টহল দলের পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হামলায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়ার ফজল আহাম্মদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ ও এসআরবির সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.