প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইয়াবাসহ আটক-১২

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে চোরাচালান ও মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এসব অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি বোট ও একটি সিএনজিচালিত অটোরিকশা।
সোমবার (২ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সোমবার রাত ৩টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করে। বোটটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১২ জনকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১টার দিকে টেকনাফের বড়ইতলি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সিমেন্ট, ইয়াবা, বোট ও সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধ ও মাদকের বিস্তার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.