গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কী পরিমাণ টাকা পুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দিনভর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। জেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ নানা কর্মকাণ্ড চালান।
এরই, ধারাবাহিকতায় সন্ধ্যার পর রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ভিতরে থাকা নগদ টাকাও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সন্ধ্যার পর পাটগাতী বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
